মানুষের সংখ্যা পেরিয়ে যাবে মোবাইল ফোন :: দৈনিক ইত্তেফাক
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে যে প্রযুক্তি পণ্যটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, তার নাম মোবাইল ফোন। বয়সের দিক থেকে ৪০ বছর পার করলেও মোবাইল ফোনের এই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়াটা বছর বিশেকের কথা। তবে এই দুই দশক সময়ের মধ্যে উন্নত বিশ্ব ছেড়ে উন্নয়নশীল তো বটেই, অনুন্নত দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে মোবাইল ফোন। বাংলাদেশের মতো দেশেও এখন সব ধরনের শ্রেণী-পেশার মানুষের হাতে হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার এমনভাবে বেড়েছে যে আর বছরখানেক সময়ের মধ্যে সারা বিশ্বে মানুষের সংখ্যাকে পেরিয়ে যাবে মোট ব্যবহূত মোবাইল ফোনের সংখ্যা। জাতিসংঘের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সম্প্রতি এই তথ্য জানিয়েছে। আইটিইউ জানিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী মোবাইল সংযোগের সংখ্যা ৬.৮ বিলিয়ন বা ৬৮০ কোটি। আর বিশ্বের জনসংখ্যা ৭.১ বিলিয়ন বা ৭১০ কোটি। মোবাইল ফোনের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে আইটিইউ ধারণা করছে, আগামী বছরের শুরুতেই মোবাইল গ্রাহকের সংখ্যা ছাড়িয়ে যাবে ৭০০ কোটি। আর সামনের বছরের মাঝামাঝিতে মোবাইল ফোন গ্রাহক সংখ্যায় পেরিয়ে যাবে মানুষের সংখ্যাকে। আইটিইউ জানিয়েছে, বিশ্বের অনেক দেশেই এখন মোবাইলের গ্রাহক সংখ্যা ওই দেশের জনসংখ্যার চাইতে বেশি। এসব দেশের মধ্যে সবার চাইতে এগিয়ে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। এখানে জনপ্রতি ১.৭টি মোবাইল গ্রাহক রয়েছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতেও মোবাইল ফোনের গ্রাহক জনসংখ্যার চাইতে বেশি। বর্তমানে আফ্রিকায় মোবাইলের ব্যবহার সবচেয়ে কম। সেখানে প্রতি ১০০ জনে মোবাইলের গ্রাহক ৬৩ জন। বাংলাদেশও অবশ্য পিছিয়ে নেই মোবাইলের ব্যবহারে। বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী সারা দেশে মোবাইলের গ্রাহক রয়েছে প্রায় ৯ কোটি ৮৬ লক্ষ। ২০১৫ সাল নাগাদ এই সংখ্যা ১২ কোটি পেরিয়ে যাবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষক সংস্থাগুলো। মোবাইল ফোনের এই ছড়িয়ে পড়াকে বিশ্বের জন্যই ইতিবাচক হিসেবেই মনে করছে আইটিইউ। মোবাইলেই বিভিন্ন সেবার সহজলভ্যতা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছেও আধুনিক সেবাকে পৌঁছে দিচ্ছে বলেই মন্তব্য আইটিইউ'র।
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment